কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের মধ্য কুমরপুর বাজারে বিএসটিআই অনুমোদিত ইনায়া ডিজিটাল ব্রিজ স্কেলের উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) দুপুরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩ নম্বর ভোগডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ সাইদুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন ভিতরবন্দ স্নাতক মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক সাহাব উদ্দিন, আবুল কালাম আজাদ, মধ্য কুমরপুর বাজার বণিক সমিতির সভাপতি মো. সাইফুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী সাহাদুল ইসলাম ও জবেদ আলী।
এ ছাড়া উপস্থিত ছিলেন ইনায়া ডিজিটাল ব্রিজ স্কেলের প্রতিষ্ঠাতা স্বত্বাধিকারী সুলতান আল যোবায়ের, সমাজসেবক সিরাজুল ইসলাম, ট্রাক্টর ব্যবসায়ী নয়নসহ নাগেশ্বরী উপজেলা ও কুড়িগ্রাম সদরের বিভিন্ন ব্যবসায়ী।
প্রতিষ্ঠানটির নতুন যাত্রা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ব্যবসায়িক সাফল্য, প্রতিষ্ঠানের উন্নতি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইনায়া ডিজিটাল ব্রিজ স্কেলের প্রতিষ্ঠাতা স্বত্বাধিকারী সুলতান আল যোবায়ের বলেন, “বর্তমান আধুনিক বিশ্বে মধ্য কুমরপুর বাজারে ডিজিটাল ব্রিজ স্কেল চালুর মাধ্যমে ব্যবসা-বাণিজ্যের আরও প্রসার ঘটবে।”
ভোগডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ সাইদুর রহমান বলেন, “এখন দূরদূরান্ত থেকে আসা বিভিন্ন পণ্যবাহী গাড়ির ওজন দ্রুত ও সঠিকভাবে পরিমাপ করা সম্ভব হবে। এতে ব্যবসায়ীরা উপকৃত হবেন।”