কুড়িগ্রামের ঐতিহ্যবাহী উলিপুর—যে অঞ্চল একসময় ব্রিটিশ শাসনামলে উত্তরাঞ্চলের বাণিজ্য ও প্রশাসনের গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল—সেই নদীবিধৌত জনপদেই আজ নতুন করে জেগে উঠছে পরিবেশ সচেতনতার প্রবল সাড়া।
চাউল, পাট, গুঁড়, মাছসহ নানান কৃষিপণ্য একসময় বুড়িতিস্তা নদীপথে পৌঁছে যেত রাজশাহী, ঢাকা ও কলকাতার বাজারে। তৎকালীন উলিপুর বাজার, ঘোগাদহ ও ধরলার মোহনা ছিল একসময়ের সমৃদ্ধ বাণিজ্যকেন্দ্র। সময়ের প্রবাহে বদলে গেল অনেক কিছু। তবে প্রকৃতিকে ঘিরে গড়ে ওঠা ভালোবাসা ও সচেতনতা আজও বহন করছে এক নতুন বার্তা।
সেই বার্তাকেই সামনে রেখে দেশব্যাপী সবুজায়ন ও পরিবেশ সংরক্ষণে অগ্রণী ভূমিকা রাখা পরিবেশবাদী যুব সংগঠন “গ্রীন ভয়েস” ঘোষণা করেছে উলিপুর উপজেলা শাখার নতুন কার্যনির্বাহী কমিটি। কেন্দ্রীয় পরিষদের নির্দেশনায় আগামী এক বছরের জন্য গঠিত এ কমিটির সভাপতি হয়েছেন সারফারাজ সৌরভ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আল আলিফ ও রোমিও রায়হান।
নতুন এই নেতৃত্বের প্রতি আশাবাদ ব্যক্ত করে গ্রীন ভয়েস কর্তৃপক্ষ জানিয়েছে, উলিপুরে পরিবেশ রক্ষা ও সচেতনতামূলক কার্যক্রমে এই কমিটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে প্রকৃতিপ্রেম, জলবায়ু সচেতনতা ও স্বেচ্ছাসেবী দায়িত্ববোধ জাগ্রত করতে তারা কাজ করবে নিবিড়ভাবে।
সবুজায়নের পতাকা হাতে নিয়ে গ্রীন ভয়েস উলিপুর এবার প্রস্তুত একটি বাসযোগ্য ও প্রকৃতিবান্ধব জনপদ গড়ে তুলতে। আমরা বিশ্বাস করি, এই নবনির্বাচিত কমিটির নেতৃত্বে উলিপুরের পরিবেশ আন্দোলন পাবে নতুন গতি এবং অনুপ্রেরণা।