কুড়িগ্রাম সদর উপজেলার ৩ নম্বর ভোগডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আব্দুল গণি মিয়ার সমর্থনে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যা ৬টায় ইউনিয়নের উত্তর কুমরপুর সরকারপাড়া ডুংডুগির হাট বাজার এলাকায় এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন মাওলানা আহাম্মদ হোসাইন। তিনি কুড়িগ্রাম জেলা ওলামা দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ভোগডাঙ্গা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আব্দুল গণি মিয়া। তিনি ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং উত্তর কুমরপুর যুব উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি।
সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সাবেক ছাত্রদল নেতা ও ভোগডাঙ্গা ইউনিয়ন বিএনপির ২ নম্বর যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক।
এ সময় চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল গণি মিয়া আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে এলাকার সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেন। তাঁর নির্বাচনী অঙ্গীকারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘শিক্ষা, স্বাস্থ্য ও উন্নয়নের অধিকার, ভোগডাঙ্গা ইউনিয়ন পরিষদের অঙ্গীকার।’
আয়োজকদের ভাষ্য অনুযায়ী, ইউনিয়নের শিক্ষা, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং সার্বিক উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নের প্রত্যাশা থেকেই এ কর্মী সভার আয়োজন করা হয়।
সভায় স্থানীয় নেতাকর্মী, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।