হলোখানায় বাল্যবিবাহের প্রভাব নিয়ে কিশোরীদের কুইজ প্রতিযোগিতা সম্পন্ন

সমাজে বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাধ্যমিক ও সমমানের বিদ্যালয়ের কিশোরীদের নিয়ে অনুষ্ঠিত হলো কুইজ প্রতিযোগিতা। ‘হলোখানা সামাজিক উন্নয়ন যুব সংগঠন’-এর উদ্যোগে এবং ‘চাইল্ড নট ব্রাইড প্রজেক্ট, আরডিআরএস বাংলাদেশ’-এর সহযোগিতায় সম্প্রতি তিনটি ভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

​আয়োজক সূত্রে জানা যায়, কিশোরীদের মাঝে বাল্যবিবাহ প্রতিরোধের সচেতনতা ছড়িয়ে দিতে ধাপে ধাপে এই কর্মসূচির বাস্তবায়ন করা হয়। গত ১১ জুন (২০২৬) প্রথম ধাপে নুরনবী হলোখানা বালিকা উচ্চ বিদ্যালয়ে এই কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যেখানে প্রায় ১৫০ জন শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

​পরবর্তীতে ১৪ জুন হলোখানা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেখানে প্রায় ২০০ জন বালিকা অংশ নেয়। সর্বশেষ গতকাল ১৫ জুন বালাকুরা ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ১০০ জন কিশোরীর অংশগ্রহণের মধ্য দিয়ে এই সচেতনতামূলক কুইজ প্রতিযোগিতার সমাপ্তি ঘটে।

​প্রতিটি ভেন্যুতেই প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার হিসেবে স্কুল ব্যাগ, খাতা এবং অন্যান্য শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়।

​আয়োজকরা জানান, সমাজে বাল্যবিবাহ একটি বড় ব্যাধি। উঠতি বয়সী কিশোরীদের মধ্যে বাল্যবিবাহের নেতিবাচক দিকগুলো তুলে ধরা এবং তাদের শিক্ষাজীবন চালিয়ে নিতে উৎসাহিত করার লক্ষ্যেই এই কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। যুব সংগঠনের এমন সময়োপযোগী ও ব্যতিক্রমী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় সচেতন মহল।

Share With