রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হলেন প্রধানমন্ত্রী স্বর্ণপদকপ্রাপ্ত কুড়িগ্রামের আশিক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কৃষি অনুষদভুক্ত ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগে প্রভাষক পদে নিয়োগ পেয়েছেন প্রধানমন্ত্রী ও বিশ্ববিদ্যালয় স্বর্ণপদকপ্রাপ্ত কুড়িগ্রামের মেধাবী শিক্ষার্থী আশিকুর রহমান। তিনি গত ১২ আগস্ট ২০২৫ তারিখে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

আশিকুর রহমান বিশ্বব্যাংকের অর্থায়নে নিউজিল্যান্ডের Lincoln University থেকে পিএইচডির জন্যও স্কলারশিপ অর্জন করেছিলেন।

কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের সুভারকুটি গ্রামে জন্ম নেওয়া আশিকুর রহমান হলোখানা হাই স্কুল থেকে ২০০৬ সালে এসএসসি এবং খলিলগঞ্জ হাইস্কুল অ্যান্ড কলেজ থেকে ২০০৮ সালে এইচএসসি সম্পন্ন করেন। এরপর ২০০৯-১০ সেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগে ভর্তি হয়ে ৩.৯৬ সিজিপিএ নিয়ে স্নাতক ও ৩.৯৩ সিজিপিএ নিয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন। অসামান্য ফলাফলের স্বীকৃতিস্বরূপ ২০১৪ সালে তিনি প্রধানমন্ত্রী ও বিশ্ববিদ্যালয় স্বর্ণপদক অর্জন করেন।

বিশ্ববিদ্যালয়ে যোগদানের আগে আশিকুর রহমান বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনে (বিএডিসি) সহকারী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ২০১৮ সালের ১ জানুয়ারি বিএডিসিতে যোগ দেন এবং দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন।

এর আগে তিনি ৩৮তম, ৪০তম ও ৪১তম বিসিএস পরীক্ষায় অংশ নিয়ে টানা তিনবার নন-ক্যাডার তালিকাভুক্ত হন। এছাড়া তুলা উন্নয়ন বোর্ডের বৈজ্ঞানিক কর্মকর্তা (৯ম গ্রেড) এবং বাখরাবাদ গ্যাস ফিল্ড (পেট্রোবাংলা) এর সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) পদে চাকরির সুযোগ পেলেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার স্বপ্নে তিনি সেসব পদে যোগ দেননি।

নিজের অনুভূতি জানতে চাইলে আশিকুর রহমান বলেন,

“আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের আওতাভুক্ত ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগ থেকে সর্বোচ্চ সিজিপিএ নিয়ে অনার্স শেষ করেছিলাম, যা সে সময়ে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের মধ্যে সর্বোচ্চ ছিল। সেই অর্জনের ফলেই প্রধানমন্ত্রী ও বিশ্ববিদ্যালয় স্বর্ণপদক পাই। প্রভাষক হিসেবে বিশ্ববিদ্যালয়ে যোগ দিতে পেরে গর্বিত বোধ করছি। ভবিষ্যতে দক্ষ ও গবেষণাভিত্তিক গ্রাজুয়েট তৈরিতে ভূমিকা রাখতে চাই।”

Share With