কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার মাদারগঞ্জে স্বেচ্ছাসেবী ও পরিবেশবাদী সংগঠন অরণ্য যুব সংঘ-এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০৬ মার্চ) মাদারগঞ্জ পাড়ের ভিটা দারুন নাজাত নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং এবং হযরত ফাতেমা (রা.) বালিকা মাদ্রাসায় প্রায় শতাধিক শিক্ষার্থীকে নিয়ে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সিফাত ইসলাম, সবুজ বাংলাদেশ রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরীফ মাহমুদ, কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের সদস্য নাজিমুল ইসলামসহ মাদ্রাসা কমিটির সদস্যরা।
সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অরণ্য যুব সংঘ কুড়িগ্রাম জেলা কোষাধ্যক্ষ মো. মোজাম্মেল ইসলাম, প্রচার সম্পাদক মো. মীর মোশারফ হোসেন, সদস্য মো. আব্দুর রহমানসহ অন্যান্য সদস্যবৃন্দ।
বক্তারা বলেন, রমজানের তাৎপর্য তুলে ধরা এবং মানবিক কার্যক্রমকে আরও গতিশীল করতেই এ আয়োজন। সংগঠনটির স্লোগান “একটি করে গাছ লাগাই, স্বাস্থ্য ও পরিবেশ বাঁচাই”—কে ধারণ করে পরিবেশ রক্ষা ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য।

উল্লেখ্য, অরণ্য যুব সংঘ একটি অরাজনৈতিক পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে দীর্ঘদিন ধরে বৃক্ষরোপণ, বৃক্ষ বিতরণসহ বিভিন্ন মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আব্দুস সোবহান জুয়েল।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার মুহতামিম হাফেজ মো. মুহিবুল্লাহ সরকার। পরে উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়।