উলিপুরে গাঁজার গাছসহ ১ মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রামের উলিপুরে গাঁজার গাছসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১১ এপ্রিল) রাত আনুমানিক ১২:৫০ ঘটিকায় উলিপুর থানাধীন তবকপুর ইউনিয়নের মাটিয়াল আদর্শ বাজার এলাকায় রাত্রিকালীন মোবাইল-১ আইন-শৃঙ্খলা ও মাদকবিরোধী ডিউটি চলাকালীন গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, এক ব্যক্তি ওই এলাকায় বর্গা নেওয়া জমিতে গাঁজা গাছের চারা চাষ করছে।

উক্ত সংবাদের ভিত্তিতে উলিপুর থানা মোবাইল-১ টিম দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযান পরিচালনা করে মাটিয়াল আদর্শ বাজার এলাকার মাদক কারবারি মোঃ রওশন আলম ওরফে দেলদার (৪৭) কে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ৫টি ছোট-বড় গাঁজা গাছের চারা ও ৬টি গাঁজা পাতা ও ডাল জব্দ করা হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আশরাফুল আলম, পিপিএম বিষয়টি নিশ্চিত করে বলেন, উলিপুর থানার একটি অভিযানে গাঁজার গাছসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে উলিপুর থানায় একটি মামলা রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান রয়েছে।

Share With