উলিপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের জনসমাবেশ অনুষ্ঠিত

কুড়িগ্রামের উলিপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে উলিপুর শহীদ মিনার চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ডা. আক্কাস আলী সরকার।

ইসলামী আন্দোলন বাংলাদেশ দক্ষিণ থানা শাখার সেক্রেটারি আরিফুল ইসলাম ও জয়েন্ট সেক্রেটারি মুফতি মাওলানা আব্দুল্লাহ আল-মামুনের সঞ্চালনায় সমাবেশ পরিচালনা করা হয়।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশ স্বাধীন হওয়ার ৫৪ বছর পরও এ জাতির ভাগ্যের পরিবর্তন হয়নি। পরিবর্তন হয়েছে শুধু তাদের, যারা নষ্ট রাজনীতিকে লালন করেছে।

তিনি আরও বলেন, ইসলামী রাজনৈতিক দল যদি ক্ষমতায় আসে, তবে এ দেশের জনগণের জানমালের নিরাপত্তা, চিকিৎসাসহ সকল ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা হবে। ইসলামনিষ্ঠ রাজনৈতিক দল কখনো চুরি-ডাকাতির সাথে সম্পৃক্ত থাকবে না।

তিনি সবাইকে কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী ইসলামী রাজনৈতিক দলের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি আলহাজ্ব মো. শাহাজাহান মিয়া, সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. আব্দুল কাদের, ভারপ্রাপ্ত সেক্রেটারি মুফতি মোজাম্মেল হক আইমানি, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাওলানা শেখ নুর মোহাম্মদ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী উলিপুর শাখার ভারপ্রাপ্ত আমীর অ্যাডভোকেট মোহাম্মদ কামাল কবির (লিটন)।

এছাড়াও বক্তব্য রাখেন এসএম রিয়াজুল ইসলাম, ইঞ্জিনিয়ার আনিছুর রহমান রতন, আশিকুর রহমান, মাওলানা জুবায়ের হাসান, ইউনুছ আলী প্রমুখ।

সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ উলিপুর শাখার সভাপতি মাওলানা মো. আতাউর রহমান।

Share With