বর্ণাঢ্য আয়োজনে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও বিশ্ববিদ্যালয়ের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী। এ বছর কৃষি ও মৎস্য অনুষদে মোট ৮০ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। একই দিনে ওরিয়েন্টেশন ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হওয়ায় দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।
সকালের শুরুতেই শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে ক্যাম্পাস। সকাল ৯টা থেকে শুরু হয় রেজিস্ট্রেশন প্রক্রিয়া। নবীনদের হাতে তুলে দেওয়া হয় প্রসপেক্টাস, আইডি কার্ড ও বিশ্ববিদ্যালয়ের লোগোযুক্ত খাতা-কলম।
জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ রাশেদুল ইসলাম। পরে তিনি নবীনদের ফুল দিয়ে বরণ করে নেন এবং শিক্ষার্থীরাও তাকে ফুলেল শুভেচ্ছা জানায়। এরপর বেলুন উড়িয়ে একটি র্যালি বের হয়, যেখানে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

র্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা শুরু হয়। অনুষ্ঠানে প্রথম ব্যাচের শিক্ষার্থী মিজানুর রহমান কোরআন তেলাওয়াত ও দ্বিতীয় ব্যাচের হৃদি দাস গীতা পাঠ করেন। পরে কীটতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মো. আব্দুল আলীম বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সাফল্য, ফিল্ড ট্রিপ, সহশিক্ষা কার্যক্রম ও নতুন প্রকল্পসমূহ নিয়ে একটি ডকুমেন্টারি প্রদর্শন করেন।
তিনি শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান বৃদ্ধির জন্য ‘Smart Aquarium’ প্রকল্প, শেকৃবি (SAU) ও এফএও (FAO)-এর সঙ্গে চুক্তি (MoU), নতুন একাডেমিক ভবনের কম্পিউটার ল্যাব ও লাইব্রেরি, বিদেশি বই সংগ্রহ, আবাসিক হল, আধুনিক আইডি কার্ড, সিসিটিভি ক্যামেরা, এসি ক্লাসরুম, ২৪ ঘণ্টা স্টুডেন্ট সাপোর্ট সেন্টারসহ নানা সুযোগ-সুবিধার কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে হিয়া প্রামানিক ও শফিউল ইসলাম অভিজ্ঞতা ও প্রত্যাশা ব্যক্ত করেন। প্রথম ব্যাচের শিক্ষার্থী নৌরিশ নবীনদের উদ্দেশে পরামর্শ দেন।
উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ রাশেদুল ইসলাম তার বক্তব্যে শিক্ষার্থীদের পাঠদানে মনোযোগী হওয়ার পাশাপাশি নিয়মকানুন মেনে চলার আহ্বান জানান। তিনি ফলপ্রসূ ও দায়িত্বশীল শিক্ষার্থী হয়ে ওঠার দিকনির্দেশনাও দেন।
শেষে মিশবাতুল জান্নাত মাহীর কবিতা আবৃত্তির মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন ইরা আক্তার ও আব্দুল্লাহ আল বাকী।