কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত ১৭ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী

কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন। মোট ১৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ ছাড়া বাকি ১৭ জনকে রোববার (৩১ আগস্ট) বিজয়ী ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সোলায়মান আলী জানান, সহ-সভাপতি পদে দুইজনসহ সম্পাদকীয় পদে আটজন এবং কার্যনির্বাহী সদস্য পদে নয়জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

জেলা ইউনিট আহ্বায়ক অ্যাডভোকেট রুহুল আমিন নিশ্চিত করেছেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হওয়া সকল প্রার্থীই বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থী।

অন্যদিকে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা হবে ভোটের মাধ্যমে। সভাপতি পদে বিএনপি সমর্থিত অ্যাডভোকেট মুহাম্মদ ফখরুল ইসলাম এবং জামায়াত সমর্থিত অ্যাডভোকেট ইয়াছিন আলী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর সাধারণ সম্পাদক পদে লড়ছেন বিএনপি সমর্থিত অ্যাডভোকেট আবুল কাশেম এবং জামায়াত সমর্থিত অ্যাডভোকেট সরদার মো. তাজুল ইসলাম।

আগামী ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এই দুইটি পদে ভোটগ্রহণ।

Share With