কুড়িগ্রামে ইসলামী যুব আন্দোলনের ৯ম বর্ষপূর্তিতে বর্ণাঢ্য শোডাউন

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে সংগঠনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরের প্রধান সড়কে বর্ণাঢ্য মোটরসাইকেল শোডাউন ও আলোচনা সভার আয়োজন করা হয়। শুক্রবার সকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে শতাধিক মোটরসাইকেল অংশ নেয়।

শোডাউনটি জেলা মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শাপলা চত্বর, ত্রিমোহনী, রেল স্টেশন, কলেজ মোড়, ভোকেশনাল মোড়, পৌরবাজার, জিয়া বাজার, ধরলা ব্রিজ পূর্বপাড় হয়ে আবার ধরলা ব্রিজ পার করে পশু হাসপাতাল ঘুরে ইসলামী যুব আন্দোলনের জেলা কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও যুবনেতা মাহবুব আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা নুর বখত ও জেলা সেক্রেটারি মাওলানা হাফিজুর রহমান।

সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি আ.ন.ম. আশিকুর রহমান। বক্তারা যুব সমাজকে ইসলামী আদর্শে গড়ে তোলার আহ্বান জানান এবং সংগঠনের ৯ বছরের পথচলার নানা দিক তুলে ধরেন।

অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। আয়োজনটি শহরের সাধারণ মানুষের মধ্যেও দৃষ্টিগোচর হয় এবং তরুণদের মধ্যে আগ্রহ সৃষ্টি করে।

Share With