কুড়িগ্রামে জুলাই যোদ্ধাদের স্মরণে প্রীতি ফুটবল: ট্রাইবেকারে স্কুল সেকশনকে হারিয়ে চ্যাম্পিয়ন কলেজ সেকশন

​জুলাই বিপ্লবের শহীদ ও যোদ্ধাদের বীরত্বকে স্মরণ এবং শ্রদ্ধা জানাতে কুড়িগ্রামের ঐতিহ্যবাহী খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হলো এক প্রাণবন্ত ও উত্তেজনাকর প্রীতি ফুটবল ম্যাচ। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ খেলায় ট্রাইবেকারে স্কুল সেকশনকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে কলেজ সেকশন।

​মাঠের লড়াইয়ে শুরু থেকেই ছিল টানটান উত্তেজনা। নির্ধারিত সময়ে দু’দলই সমান তালে লড়াই করায় ম্যাচ অমিমাংসিত থাকে। অবশেষে রোমাঞ্চকর ট্রাইবেকারে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে জয় ছিনিয়ে নেয় কলেজ সেকশনের শিক্ষার্থীরা।

​খেলা শেষে অনুষ্ঠিত হয় জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিত দলের হাতে ট্রফি তুলে দেন প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ বেগম সুলতানা সালেহা।

​সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, “জুলাই যোদ্ধাদের আত্মত্যাগ ও অবদান আমাদের ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে। তরুণ প্রজন্মের মাঝে তাদের এই দেশপ্রেম ও বীরত্বের গল্প ছড়িয়ে দিতেই এ প্রীতি ম্যাচের আয়োজন।”

​অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত থেকে করতালির মাধ্যমে খেলোয়াড়দের উৎসাহিত করেন। চমৎকার লড়াইয়ের জন্য পরাজিত স্কুল সেকশন এবং বিজয়ী কলেজ সেকশন—দুই দলকেই উপস্থিত সকলে শুভকামনা জানান।

Share With