কুড়িগ্রামে জেলা প্রশাসনের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ১৪৪৮ হিজরী উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও দর্শন প্রতিটি মানুষের জন্য অনুসরণীয় আদর্শ। সমাজে শান্তি, সাম্য, ভ্রাতৃত্ববোধ ও মানবতা প্রতিষ্ঠায় তাঁর শিক্ষা চিরন্তন। তাঁর সুমহান আদর্শ ব্যক্তি ও সমাজ জীবনে চর্চার মাধ্যমে আমরা একটি সৌহার্দ্যপূর্ণ সমাজ গঠন করতে পারি।”

​সভায় মহানবী (সা.)-এর জীবন ও দর্শনের নানা দিক তুলে ধরে বক্তব্য দেন অন্যান্য অতিথিরা। বক্তারা বলেন, মহানবীর (সা.) শিক্ষা অনুসরণ করে আমাদের হিংসা-বিদ্বেষ ভুলে দেশের ও সমাজের কল্যাণে একযোগে কাজ করতে হবে।

​আলোচনা সভায় অংশগ্রহণ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মিমতানুর রহমান পিপিএম, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আনোয়ার হোসেন মন্ডল, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল হামিদ, সাবেক সেক্রেটারি নিজাম উদ্দিন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাবিবুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আব্দুর রাজ্জাক রনি, বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান ও আব্দুল বাতেন, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার এবং জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নাসিম পারভেজ তারা, সাংবাদিক অনিরুদ্ধ রেজা,ছাত্র নেতা আব্দুল আজিজ নাহিদ প্রমুখ।

​আলোচনা সভা শেষে মহানবী (সা.)-এর রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি চেয়ে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। সভায় জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Share With