কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। নদ-নদীর পানি কিছুটা কমলেও জেলার বিভিন্ন নিম্নাঞ্চল এখনও প্লাবিত।
পানি উন্নয়ন বোর্ড জানায়, শুক্রবার (দুপুর ১২টা) পাটেশ্বরী পয়েন্টে দুধকুমার নদীর পানি হ্রাস পেয়ে বিপদসীমার ৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
একইভাবে, কাউনিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি কমে বিপদসীমার ১৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
অন্যদিকে, সেতু পয়েন্টে ধরলা নদীর পানি এবং ব্রহ্মপুত্র নদে চিলমারী, নুনখাওয়া ও হাতিয়ার পয়েন্টে সামান্য বৃদ্ধি পেলেও তা বিপদসীমার নিচে রয়েছে।
বন্যার পানিতে নাগেশ্বরী, ভুরুঙ্গামারী ও সদর উপজেলার নদী তীরবর্তী নিম্নাঞ্চলের ২৩টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। এতে বহু পরিবার পানি বন্দী হয়ে পড়েছে। গ্রামীণ কাঁচা সড়ক তলিয়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে।
এছাড়া, প্লাবনে রোপা আমন, আমন বীজতলা, পাট ও মৌসুমী ফসলের ক্ষেত নিমজ্জিত হয়ে ক্ষতির মুখে পড়েছে কৃষকরা।