কুড়িগ্রামের ভুরুঙ্গামারী ও নাগেশ্বরী সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর বিশেষ অভিযানে ভারতীয় ৪টি গরু ও ৭০ বোতল বিদেশি মদ জব্দ করা হয়েছে।
জব্দকৃত পণ্যের বাজারমূল্য প্রায় ৮ লাখ টাকা বলে জানা গেছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব–উল–হক।
তার আগে সোমবার গভীর রাতে পৃথক দুটি অভিযানে এসব গবাদিপশু ও বিদেশি মদ উদ্ধার করা হয়।বিজিবি জানায়, মাদক ও চোরাচালানবিরোধী চলমান কার্যক্রমের অংশ হিসেবেই এ বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।
সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ পণ্য পাচার রোধে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।
কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব–উল–হক বলেন, সীমান্ত নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধ ও অনুপ্রবেশ ঠেকাতে তাদের সদস্যরা সর্বোচ্চ সতর্কতা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।