কুড়িগ্রামের হলোখানা ইউনিয়নের বাংটুর ঘাট সংলগ্ন কাজীপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একাধিক বসতঘর, বিপুল পরিমাণ পাট ও বিভিন্ন মালামাল পুড়ে গেছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বসতঘরের ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক মেইন তারের দুটি অংশে একসঙ্গে স্পার্কিং হয়। এ সময় তার থেকে স্ফুলিঙ্গ নিচে পড়ে ঘরের ওপর রাখা পাটে আগুন ধরে যায়। পরে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের ঘরেও।
অগ্নিকাণ্ডে বাড়ির একাধিক ঘর পুড়ে সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। আগুনে ঘরে থাকা আসবাবপত্র, প্রয়োজনীয় মালামাল ও বিপুল পরিমাণ পাট পুড়ে গেছে।
খবর পেয়ে কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এলাকাটি ঘনবসতিপূর্ণ হওয়ায় আগুন আশপাশের বাড়িতে ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকলেও ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে তা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়।
অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রাথমিকভাবে বৈদ্যুতিক তারে স্পার্কিং থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে স্থানীয়ভাবে জানা গেলেও অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।