বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কুড়িগ্রাম ইউনিটের আয়োজনে এবং যমুনা প্রজেক্টের সহযোগিতায় যুব রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকদের বার্ষিক স্বেচ্ছাসেবক সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কুড়িগ্রাম জেলা ইউনিট কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে স্বেচ্ছাসেবীদের অবদান ও কর্মদক্ষতার স্বীকৃতি দেওয়া হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন DRAW প্রজেক্টের মো. হুমায়ুন কবির, যমুনা প্রজেক্টের হেল্থ প্রজেক্ট অফিসার মো. তুহিন আলম। এছাড়াও উপস্থিত ছিলেন যুব রেড ক্রিসেন্ট কুড়িগ্রাম ইউনিটের উপদেষ্টা আশিক ইকবাল রাব্বি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ.বি.এম বায়েজিদ, VLO।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে যুব প্রধান নাসির হোসাইন বলেন, “এ বছর যারা নিয়মিত ইউনিটে উপস্থিত থেকেছে, কাজের দক্ষতা, সময়ানুবর্তিতা ও সহমর্মিতা প্রদর্শন করেছে—তাদের মধ্য থেকেই স্বচ্ছ প্রক্রিয়ায় বাছাই করে সম্মাননার জন্য নির্বাচন করা হয়েছে। যারা এ বছর সম্মাননা অর্জন করতে পারেনি, আশা করি তারা আগামী বছর এই লক্ষ্য অর্জনের জন্য আরও আন্তরিকভাবে কাজ করবে।”
এসময় যুব রেড ক্রিসেন্টের বিভাগীয় উপপ্রধান (তহবিল) মো. সাজ্জাদ হোসাইন বলেন, নিয়মিত এমন আয়োজন স্বেচ্ছাসেবকদের কাজের প্রতি আরও উদ্দীপ্ত করে এবং এর মাধ্যমে ইউনিট আরও শক্তিশালী হয়। তিনি স্বেচ্ছাসেবামূলক কাজের সামাজিক গুরুত্ব ও মানবিক দায়বদ্ধতার বিষয়েও আলোকপাত করেন।
আলোচনা সভা শেষে নির্বাচিত ১০ জন যুব স্বেচ্ছাসেবকের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।