কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা ও জমি নিয়ে বিরোধে জাহিদুল ইসলাম জিন্নাতকে দেশীয় অস্ত্রের আঘাতে হত্যার ঘটনায় প্রধান আসামি লিয়াকত হোসেন লিমনকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২ আগস্ট) মামলার তদন্ত কর্মকর্তা ও রাজারহাট থানার উপপরিদর্শক (এসআই) আতিকুর রহমান গ্রেপ্তার সত্যতা নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার লিমন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির মীর ইসমাইল হোসেন কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার উমরমজিদ ইউনিয়নের ডাংঘাট গ্রামে নিহত জাহিদুল ইসলাম জিন্নাত ও জয়নাল হোসেনের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে একটি সরকারি রাস্তা নিয়ে বিরোধ চলছিল। গত ১৪ জুলাই জিন্নাত নিজ জমিতে ট্রাক্টর দিয়ে চাষ করতে গেলে প্রতিপক্ষ জয়নালের পরিবারের সঙ্গে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে জয়নালের ছেলে লিয়াকত হোসেন লিমন বল্লম দিয়ে জিন্নাতের বুকে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হলে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ ঘটনায় পরবর্তীতে নিহতের বড় ভাই জয়নাল আবেদীন বাদী হয়ে লিয়াকত হোসেন লিমনসহ ২৮ জনের নাম উল্লেখ করে রাজারহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
নিহতের ছেলে মো. সাকিব বলেন, আমার বাবাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা লিয়াকতসহ বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই আতিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার গাজীপুরের শ্রীপুর এলাকা থেকে লিমনকে গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে রোববার তাকে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে। মর্মান্তিক এ হত্যা মামলায় এজাহারনামীয় ২৮ জন আসামির মধ্যে প্রধান আসামিসহ এখন পর্যন্ত মোট ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।