কুড়িগ্রামে ৫৫ বছরের সাইফুল আলী নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি

কুড়িগ্রামের রাজারহাটে সাইফুল আলী (৫৫) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। গত ৮ আগস্ট ২০২৬, শনিবার বিকেল ৩টার পর থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। পরিবারের পক্ষ থেকে তাঁকে খুঁজে পেতে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।

নিখোঁজ সাইফুল আলী রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফুলখাঁ মন্ডলপাড়া গ্রামের বাসিন্দা।

পরিবারের সদস্যরা জানান, সাইফুল আলী মানসিকভাবে অসুস্থ এবং স্বাভাবিকভাবে কথা বলতে পারেন না। কেউ কিছু জিজ্ঞেস করলে তিনি অনেক সময় শুধু হাসেন এবং ‘অডে, কই জান অডে, বাসা কই অডে’—এ ধরনের কথা বলেন। তাঁর সিগারেটের তামাক কুড়িয়ে খাওয়ার অভ্যাস রয়েছে। সাধারণত তাঁর হাতে জমির ঘাস দেখা যায়।

নিখোঁজের সময় তাঁর পরনে জার্সি গেঞ্জি ও লুঙ্গি ছিল। তাঁর উচ্চতা আনুমানিক ৫ ফুট ৪ ইঞ্চি।

পরিবারের দাবি, নিখোঁজের পর গত তিন দিন আগে তাঁকে কুড়িগ্রামের নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী এলাকায় দেখা গেছে বলে স্থানীয়ভাবে জানা গেছে। তবে এখন পর্যন্ত তাঁর অবস্থান নিশ্চিত হওয়া যায়নি।

পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, কোনো সহৃদয় ব্যক্তি সাইফুল আলীকে কোথাও দেখে থাকলে বা তাঁর সম্পর্কে কোনো তথ্য পেলে দ্রুত নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

যোগাযোগ: ০১৫১৭৮৪২৩৫৩, ০১৭৮৪৯৭৮৭৪২, ০১৭৮৪০৬৫৩৪৫, ০১৩১৪১০৭২২৫।

Share With