ঢাকায় অনুষ্ঠিত ‘৪০তম জাতীয় বয়সভিত্তিক অ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০২৬’-এ কৃতিত্বের স্বাক্ষর রেখেছে কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থা। দেশের ৬৪টি জেলা ও বিকেএসপির অংশগ্রহণে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় জেলার অ্যাথলেটরা মোট চারটি রৌপ্য পদক অর্জন করেছেন।
প্রতিযোগিতায় অনূর্ধ্ব-১৬ বিভাগে আদিলা আক্তার অনিকা শটপুট ও ডিসকাস থ্রো ইভেন্টে দুটি রৌপ্য পদক জিতেছেন। একই বিভাগে রাব্বি ইসলাম লং জাম্পে রৌপ্য পদক অর্জন করেন। এছাড়া অনূর্ধ্ব-১৮ বিভাগের উচ্চ লম্ফ ইভেন্টে রৌপ্য পদক জিতেছেন ইতি রানী।
এই সাফল্যের পেছনে কোচ রেজাউল করিম রাজু এবং দলের ম্যানেজার ওয়াজেদ আলী ঝিনুকের অবদানের কথা উল্লেখ করে কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থা তাদের অভিনন্দন জানিয়েছে।
জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, কৃতি অ্যাথলেটদের এই সাফল্য উদযাপন করতে শিগগিরই একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে।
কুড়িগ্রামের ক্রীড়াঙ্গনে এই অর্জন নতুন প্রজন্মের খেলোয়াড়দের অনুপ্রেরণা জোগাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।