দেশের উত্তরের সীমান্তঘেঁষা জেলা কুড়িগ্রামের কচাকাটা থানাকে প্রশাসনিক উপজেলা ঘোষণার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে কচাকাটা উপজেলা বাস্তবায়ন সংগ্রাম পরিষদের আয়োজনে কচাকাটা উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, রাজনীতিবিদ, কৃষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন এবং কচাকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে স্বাক্ষর প্রদান করেন।
দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে কচাকাটাকে উপজেলা করার দাবিতে আন্দোলন করে আসছে স্থানীয়রা। স্থানীয়দের দাবি, কুড়িগ্রাম জেলা সদর থেকে কচাকাটা থানা চারটি নদ-নদী—ব্রহ্মপুত্র, শংকোশ, দুধকুমার ও গঙ্গাধর দ্বারা বিচ্ছিন্ন। ফলে জেলা সদরের সঙ্গে যোগাযোগের জন্য নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী উপজেলার সড়কপথে কয়েক ঘণ্টা ভ্রমণ করতে হয়।
উল্লেখ্য, ২০০৩ সালে গঠিত কচাকাটা থানা বর্তমানে প্রায় তিন লক্ষাধিক মানুষের জীবনের সঙ্গে জড়িত। এ থানার আওতায় কচাকাটা, বল্লভেরখাস, নারায়ণপুর, কেদার, বলদিয়া ইউনিয়নসহ বামনডাঙ্গা ও কালীগঞ্জ ইউনিয়নের আংশিক এলাকা রয়েছে। এসব ইউনিয়নের মোট আয়তন প্রায় ১২৮ বর্গকিলোমিটার।
স্থানীয়রা বলছেন, “জনগণের দীর্ঘদিনের দাবি বাস্তবায়ন হলে প্রশাসনিক কার্যক্রম তৃণমূল পর্যায়ে আরও গতিশীল হবে এবং এলাকার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে।”