বরিশালের ঐতিহাসিক চরমোনাই মাদরাসা মাঠে শুরু হয়েছে তিন দিনব্যাপী ফাল্গুনের বার্ষিক মাহফিল। পহেলা এপ্রিল (বুধবার) বাদ জোহর উদ্বোধনী বয়ানের মাধ্যমে মাহফিলের সূচনা করেন চরমোনাই পীর আলহাজ্ব হযরত মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
এই মাহফিলে অংশ নিয়ে কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. শাহআলম মিয়া জীবন পরিবর্তনের নিয়ত করেছেন বলে জানিয়েছেন।
তিনি বলেন, “প্রত্যেক রোগীর যেমন ডাক্তার থাকে, তেমনি মানুষের কলবেরও ডাক্তার আছে। আমার মনে হয়েছে এখানে আসা দরকার। আমাদের সবার কলব অনেক কঠিন হয়ে গেছে, এখানে এসে তা নরম করা প্রয়োজন—এই চিন্তা থেকেই আসা।”
ধর্মীয় আবহ ও আত্মশুদ্ধির আহ্বানে মুখর এই মাহফিলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত মুসল্লিরা অংশ নিচ্ছেন। আয়োজকরা জানান, তিন দিনব্যাপী এই আয়োজন জুড়ে চলবে গুরুত্বপূর্ণ বয়ান, দোয়া ও নসিহত।
উল্লেখ্য, শাহআলম মিয়া ঘোগাদহ ইউনিয়ন আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন এবং দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে।