আগামী ১৯ সেপ্টেম্বর ২০২৫ ইং অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন। এবারের নির্বাচনে ছাত্র অধিকার পরিষদ প্যানেল থেকে সমাজসেবা সম্পাদক পদে প্রার্থী হিসেবে স্থান পেয়েছেন কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের কাজীপাড়া গ্রামের দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী মেহেদী হাসান। তিনি মো. আক্কাস আলী ড্রাইভারের পুত্র এবং বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০২৩-২৪ শিক্ষা বর্ষের মেধাবী শিক্ষার্থী।
মেহেদী হাসান জানান, বিশ্ববিদ্যালয় জীবনে প্রতিবন্ধী শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থীদের মতো কথা বলার সুযোগ পেলেও বাস্তবে নানা জটিলতা কাটিয়ে উঠতে হয়। তিনি বলেন, “আমাদেরও স্বপ্ন ও আকাঙ্ক্ষা আছে। কিন্তু সুস্থ শিক্ষার্থীদের মতো তা পূরণ করার সুযোগ সবসময় পাই না। চাকসুতে একটি প্রতিনিধিত্বমূলক জায়গা থাকলে প্রতিবন্ধী শিক্ষার্থীরা নিজেদের অধিকার ও সমস্যার কথা আরও ভালোভাবে তুলে ধরতে পারবে। এই ভাবনা থেকেই আমি নির্বাচনে অংশ নিয়েছি।”
তিনি আরও বলেন, “চাকসু শুধু আমার মতো শিক্ষার্থীর প্রতিনিধি হওয়ার জায়গা নয়, এটি পুরো ২৮ হাজার শিক্ষার্থীর কণ্ঠস্বর। তবে একজন দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী হিসেবে প্রচার-প্রচারণায় যে জটিলতা কাটিয়ে উঠতে হয়, সেটি প্রতিযোগিতাকে অনেকাংশে অসম করে তোলে। তবুও আমি বিশ্বাস করি, বৈষম্যহীন পরিবেশ গড়ে তোলা এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করতে পারব।”
তার সহপাঠী ও কুড়িগ্রামের বন্ধুদের মতে, দৃষ্টি প্রতিবন্ধী হলেও মেহেদী হাসান সবসময় ইতিবাচক চিন্তা ও কর্মের মাধ্যমে অন্যদের অনুপ্রেরণা জুগিয়ে আসছেন। তারা আশা প্রকাশ করেন, বৈষম্য দূরীকরণে তার ভূমিকা বিশ্ববিদ্যালয়ে নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।
মেহেদী হাসান বলেন, “আমার দাবি শুধু একটি পদ পাওয়া নয়, বরং সব শিক্ষার্থীর ন্যায্য অধিকার আদায় ও বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ বজায় রাখা। আশা করি সাধারণ শিক্ষার্থীরা ছাত্র অধিকার পরিষদ প্যানেলকে বিপুল ভোটে বিজয়ী করবে, ইনশাল্লাহ।”