কুড়িগ্রামে বিয়ের প্রলোভনে ডেকে নিয়ে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিক গ্রেফতার

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের সম্পর্ক গড়ে এক নারীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে প্রেমিক ও তার দুই সহযোগীর বিরুদ্ধে। এ ঘটনায় প্রধান আসামি প্রেমিক জাহিদ হাসানকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৫ মার্চ) সকালে ধর্ষণের শিকার ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়। একইদিনে গ্রেফতার জাহিদকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের চর লুছনি এলাকায় সোমবার (২৩ মার্চ) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ২৩ বছর বয়সী ওই নারীর বাড়ি কেদার ইউনিয়নের টেপারকুটি গ্রামে। তার সঙ্গে পার্শ্ববর্তী বল্লভেরখাষ ইউনিয়নের ধারিয়ারপাড় গ্রামের আহাম্মদ আলীর ছেলে জাহিদ হাসানের (২৮) মোবাইল ফোনের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

ঘটনার দিন সন্ধ্যায় জাহিদ ওই নারীকে ঢাকায় নিয়ে গিয়ে বিয়ের আশ্বাস দেয়। তার কথায় বিশ্বাস করে ওই নারী বাড়ি থেকে বের হয়ে জাহিদের বন্ধু শফিকুল ইসলামের ছেলে বাবু ওরফে আকাশের বাড়িতে যান। পরে সেখানে জাহিদ আরেক বন্ধু লালনকে নিয়ে উপস্থিত হয়। রাত প্রায় ১১টার দিকে জাহিদ ও তার দুই সহযোগী ওই নারীকে দুধকুমার নদীর আয়নালের ঘাট এলাকায় নিয়ে যায়। পথে নদীর তীরে একটি ভুট্টা খেতে নিয়ে গিয়ে তারা পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে গভীর রাতে ভুক্তভোগী ওই নারী স্থানীয় একটি বাড়িতে আশ্রয় নেন।

পরদিন মঙ্গলবার (২৪ মার্চ) রাতে কচাকাটা থানায় মামলা দায়ের করা হয়।

কচাকাটা থানার পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Share With