নাগেশ্বরীতে স্কুলের তিনতলা থেকে পড়ে প্রাণ গেল শিশু মুন্তাহার

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিদ্যালয়ের তিনতলা থেকে পড়ে মুন্তাহা (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে পৌরসভার ৩নং ওয়ার্ডের পশ্চিম নাগেশ্বরী বটতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত মুন্তাহা ফুলবাড়ি উপজেলার নওদাবস গ্রামের একরামুল হক ও ফরিদা বেগমের জ্যেষ্ঠ কন্যা। পরিবারের সদস্যরা জানান, পড়াশোনার জন্য শিশুটি নানার বাড়িতে অবস্থান করছিল। কিন্তু খেলার সময় অসাবধানতাবশত তিনতলার বারান্দা থেকে নিচে পড়ে যায় সে।

স্থানীয়দের সহায়তায় আহত মুন্তাহাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে প্রথমে জেলা সদর হাসপাতালে এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে রংপুরের পথে তিস্তা সেতুর কাছে পৌঁছালে শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে।

স্থানীয় অভিভাবকরা অভিযোগ করেছেন, বিদ্যালয়ে শিক্ষকদের পর্যবেক্ষণের ঘাটতি থাকায় এ দুর্ঘটনা ঘটেছে। এ বিষয়ে নাগেশ্বরী থানার ওসি রেজাউল করিম রেজা বলেন, “এখনও স্কুল কর্তৃপক্ষ বা পরিবার থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জান্নাতুল ফেরদৌসীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Share With