নিখোঁজের ঘটনায় নুনখাওয়ায় নৌকা বাইচের ফাইনাল স্থগিত

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নুনখাওয়ায় শহীদ জিয়া স্মৃতি নৌকা বাইচ প্রতিযোগিতা-২০২৬-এর ফাইনাল খেলা স্থগিত ঘোষণা করা হয়েছে। নদীতে গোসল করতে নেমে এক কিশোরী নিখোঁজ হওয়ার ঘটনায় মানবিক বিবেচনায় এ সিদ্ধান্ত নিয়েছে আয়োজক কমিটি।

আয়োজক কমিটির জরুরি নোটিশ সূত্রে জানা গেছে, গত শনিবার (১০ অক্টোবর) বোয়ালমারী এলাকায় নদীতে গোসল করতে নেমে তিন মেয়ের মধ্যে দুজনকে উদ্ধার করা সম্ভব হলেও একজন এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে।

এ ঘটনায় নিখোঁজ মেয়েটির সন্ধান না পাওয়ায় মর্মান্তিক পরিস্থিতি বিবেচনায় রোববার (১১ অক্টোবর) দুপুর ২টায় অনুষ্ঠিতব্য নৌকা বাইচ প্রতিযোগিতার ফাইনাল খেলা স্থগিত করা হয়েছে।

নোটিশে আরও জানানো হয়, ফাইনাল খেলার পরবর্তী তারিখ ও সময় পরে জানিয়ে দেওয়া হবে। এ অবস্থায় নৌকাপ্রেমী দর্শক, প্রতিযোগী ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে আয়োজক কমিটি।

একই সঙ্গে নিখোঁজ মেয়েটির সন্ধান কামনা এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে আয়োজক কমিটি।

Share With