পৌষের হাড় কাঁপানো শীতে কাবু কুড়িগ্রাম, সর্বনিম্ন তাপমাত্রা ১১.৪ ডিগ্রি সেলসিয়াস

কুড়িগ্রামে পৌষের হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। তাপমাত্রা নিম্নগামী হওয়ায় হিমেল বাতাসে দিন দিন বাড়ছে শীতের তীব্রতা।

কনকনে ঠান্ডায় স্থবির হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে বের হচ্ছে না। ঘন কুয়াশা ও তীব্র ঠান্ডায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দিনমজুর, খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষজন।

পাশাপাশি বিড়ম্বনায় পড়েছেন কৃষি শ্রমিকরাও। সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত চারদিকে ঘন কুয়াশা বিরাজ করছে। এ সময় বৃষ্টির ফোঁটার মতো ঝরছে কুয়াশা। কুয়াশার ঘনত্ব বেশি থাকায় যানবাহনগুলো ধীরগতিতে চলাচল করছে, ফলে গন্তব্যে পৌঁছাতে সময় বেশি লাগছে।

সূর্যের তাপ না থাকায় দিনের বেলাতেও হিমেল বাতাসে তীব্র শীত অনুভূত হচ্ছে। আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল ৬টায় কুড়িগ্রাম জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র এ তথ্য নিশ্চিত করেছে। এর আগের দিন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

Share With