কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় কুড়িগ্রাম সরকারি কলেজ-এর কেন্দ্রীয় শহীদ মিনার বেদিতে ভাষা শহীদদের স্মরণে বিনম্র শ্রদ্ধায় পুষ্পার্ঘ্য অর্পণ করেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহা. আতাউল হক খান চৌধুরী।

এ সময় কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বিএনসিসি, রোভার স্কাউটসহ সকল সেচ্ছাসেবী সংগঠন উপস্থিত ছিলেন।পরে কলেজের বিভিন্ন বিভাগের পক্ষ থেকেও শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা ও বানান শুদ্ধিকরণসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। পরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনের কর্মসূচি সমাপ্ত হয়।