যদি বাজেটই না থাকে, তাহলে এই বেতার কাদের জন্য?

বাংলাদেশ বেতার রংপুরের তালিকাভুক্ত বহু শিল্পী প্রায় পাঁচ মাস ধরে নির্ধারিত সিডিউলভুক্ত অনুষ্ঠান থেকে বঞ্চিত থাকার অভিযোগ উঠেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন বেতারের তালিকাভুক্ত সুরকার, গীতিকার, কণ্ঠশিল্পী ও সংগীত প্রযোজক জনপ্রিয় ভাওয়াইয়া শিল্পী শফিকুল ইসলাম (শফি ভাওয়াইয়া)।

বুধবার (১১ মার্চ ২০২৬) নিজের ফেসবুক পোস্টে তিনি প্রশ্ন তুলেছেন—“যদি বাজেটই না থাকে, তাহলে এই বেতার কাদের জন্য?”

পোস্টে তিনি উল্লেখ করেন, একসময় বাংলাদেশ বেতার ছিল শিল্পীদের সাধনা, স্বপ্ন ও গর্বের জায়গা। কিন্তু বর্তমানে সেই প্রতিষ্ঠানেই তালিকাভুক্ত অনেক শিল্পী অবহেলার শিকার হচ্ছেন। তার দাবি, প্রায় পাঁচ মাস ধরে বহু শিল্পী নির্ধারিত সিডিউল প্রোগ্রামে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন না। কর্তৃপক্ষের পক্ষ থেকে বাজেট সংকটের কথা বলা হলেও বিষয়টি নিয়ে শিল্পীদের মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে।

শফি ভাওয়াইয়া তার পোস্টে আরও বলেন, বর্তমানে অনেক সময় পুরোনো রেকর্ড করা গান প্রচার করেই বেতারের অনুষ্ঠানসূচি পূরণ করা হচ্ছে। অথচ সেই গানগুলোর জন্য শিল্পীরা কোনো ধরনের রয়্যালিটি পাচ্ছেন না। একই সঙ্গে মাস্টাররোলে কিছু যন্ত্রশিল্পী ও অফিস সহকারী নিয়োগ দিয়ে তাদের নিয়মিত সম্মানী দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

তার মতে, এই বৈপরীত্য শিল্পীদের মনে গভীর ক্ষোভ তৈরি করছে। প্রোগ্রামের সুযোগ না থাকায় অনেক শিল্পী চরম হতাশায় ভুগছেন এবং কেউ কেউ সংগীতচর্চা থেকেও সরে যাচ্ছেন।

পোস্টে তিনি আরও উল্লেখ করেন, মাঝে মধ্যে দু-একটি লাইভ অনুষ্ঠান হলেও সেগুলো মূলত বেতারের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সক্রিয় রাখার জন্য আয়োজন করা হচ্ছে। সেখানে সুযোগ পাচ্ছেন সীমিত সংখ্যক শিল্পী।

শফি ভাওয়াইয়া প্রশ্ন তোলেন, যদি পুরোনো রেকর্ড বাজিয়েই বেতার পরিচালিত হয়, তাহলে সেই রেকর্ডের জন্য শিল্পীরা কেন সম্মানী বা রয়্যালিটি পাবেন না। এছাড়া ইউটিউব ও ফেসবুকে প্রচারিত কনটেন্ট থেকে যদি কোনো আয় হয়, তাহলে তার স্বচ্ছ হিসাব শিল্পীদের জানানো উচিত বলেও তিনি মত দেন।

তিনি বলেন, “শিল্পীরা ভিক্ষা চান না, তারা তাদের প্রাপ্য সম্মান চান। শিল্পীদের কণ্ঠ, সাধনা ও সৃষ্টির মাধ্যমেই তো বেতারের অস্তিত্ব তৈরি হয়েছে।”

এ বিষয়ে বাংলাদেশ বেতার রংপুরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। তবে বিষয়টি নিয়ে স্থানীয় শিল্পী মহলে আলোচনা ও প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

Share With