কুড়িগ্রামে নিয়োগ বানিজ্য বন্ধের দাবিতে মানববন্ধন

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ডাংরারহাট আজিজিয়া আলিম মাদ্রাসায় টাকার বিনিময়ে নিয়োগ বাণিজ্যের অভিযোগ তুলে তা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে মাদ্রাসাটির প্রধান ফটকের সামনে স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এ প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, টাকার বিনিময়ে নিয়োগ প্রদান, জমিদাতা ও প্রভাবশালীদের মাধ্যমে চাকরির সুযোগ সৃষ্টি এবং দীর্ঘদিনেও মাদ্রাসার জরাজীর্ণ ভবনের সংস্কার না হওয়ায় শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে। তারা এসব অনিয়ম বন্ধ করে স্বচ্ছ ও নিরপেক্ষ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করার দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা হযরত আলী, শরিফুল ইসলাম, শিমুল ও সাইফুল হকসহ অনেকে।

স্থানীয় বাসিন্দা হযরত আলী বলেন, “মাদ্রাসার প্রিন্সিপাল শাহিদুর রহমান প্রায় ৩৫ বছর ধরে দায়িত্ব পালন করছেন। কিন্তু তার সময়ে মাদ্রাসার তেমন কোনো অবকাঠামোগত উন্নয়ন হয়নি। আমরা মাদ্রাসার সার্বিক উন্নয়ন চাই।”

আরেক বাসিন্দা শরিফুল ইসলাম বলেন, “আগামী ১৭ এপ্রিল গোপনে নিয়োগের পায়তারা চলছে। আমরা টাকার বিনিময়ে কোনো নিয়োগ চাই না। উন্মুক্ত ও নিরপেক্ষ নিয়োগ চাই।”

মাদ্রাসার শিক্ষার্থী রবিউল ইসলাম বলেন, “আমাদের মাদ্রাসায় নিয়মিত ক্লাস হয় না। প্রধান হুজুরও নিয়মিত আসেন না। আমরা একটি সুষ্ঠু শিক্ষার পরিবেশ চাই।”

এ বিষয়ে জানতে মাদ্রাসাটির অধ্যক্ষ মো. শাহিদুল ইসলামকে একাধিকবার ফোন করা হলেও তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।

রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান জানান, “বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে পরে বিস্তারিত জানানো হবে।”

Share With