বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি নিয়েও চাকরির পেছনে না ছুটে কৃষিকে পেশা হিসেবে বেছে নিয়ে সফলতার নজির গড়েছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার যুবক মোঃ শরিফুল ইসলাম। তার এই ব্যতিক্রমী উদ্যোগের স্বীকৃতি স্বরূপ জাতীয় যুব দিবস-২০২৬ এ তিনি পেয়েছেন জেলা পর্যায়ে শ্রেষ্ঠ আত্মকর্মী সম্মাননা।
শনিবার (১ নভেম্বর) যুব উন্নয়ন অধিদপ্তর, কুড়িগ্রামের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত জাতীয় যুব দিবসে তার হাতে এ সম্মাননা স্মারক তুলে দেন জেলা যুব উন্নয়ন অফিসারগন।
জানা গেছে,শরিফুলের ৩ ভাই ঢাকা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরে তিনজনই ব্যাংকে ভালো মানের চাকুরী করেন কিন্তু শরিফুল রোকায়া বিশ্ববিদ্যালয় থেকে জনপ্রশাসন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করার পর চাকরির বাজারে প্রতিযোগিতা না করে নিজ এলাকায় আধুনিক পদ্ধতিতে কৃষি খামার গড়ে তোলেন। বর্তমানে তিনি সমন্বিত কৃষি, মাছ চাষ ও গবাদি পশু পালন করে এলাকার অনেক বেকার যুবকের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছেন। তার বাগানে উৎপাদিত আধুনিক মৌসুমের আগেই উৎপাদিত নিরাপদ সবজি ও ফসল স্থানীয় বাজারের চাহিদা মেটাচ্ছে।
এ বিষয়ে শরিফুল ইসলাম বলেন, “চাকরি মানেই নিরাপত্তা নয়, উদ্যোক্তা হওয়ার মধ্যেও সম্মান আছে। শিক্ষিত যুবকরা যদি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃষিতে আসে, তাহলে দেশের খাদ্য নিরাপত্তা যেমন নিশ্চিত হবে, তেমনি বেকারত্বও কমবে।”
যুব উন্নয়ন অধিদপ্তর কুড়িগ্রামের উপ-পরিচালক বলেন, শরিফুল প্রমাণ করেছেন শিক্ষিত যুবকরাও কৃষিকে লাভজনক পেশা হিসেবে নিতে পারে। তিনি অন্য বেকার যুবকদের জন্য অনুপ্রেরণা।
স্থানীয় যুবকরা জানান, শরিফুলের সফলতা দেখে রাজারহাটের অনেক শিক্ষিত যুবক এখন কৃষি উদ্যোক্তা হতে আগ্রহী হচ্ছেন।