কুড়িগ্রামের জেলা মডেল মসজিদের হলরুমে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দামের আগমন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজনকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে বিতর্ক। ঘটনাটির প্রতিবাদ জানিয়ে ফেসবুকে কঠোর মন্তব্য ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আমিমুল ইহসান।
স্থানীয় অনলাইন পত্রিকা ‘তৃণমূল’-এর একটি ফটোকার্ড ফেসবুক আইডিতে শেয়ার করে এক পোস্টের মাধ্যমে তিনি এ প্রতিবাদ জানান।
‘মডেল মসজিদে রাজনীতি? নাকি রাজনীতির জন্য মডেল মসজিদ?’—এমন প্রশ্ন তুলে আমিমুল ইহসান লিখেছেন, জেলায় একাধিক বড় হলরুম এবং পৌর টাউনহল থাকা সত্ত্বেও ধর্মীয় উপাসনালয়ের হলরুমকে কেন রাজনৈতিক প্রচারণার ক্ষেত্র হিসেবে বেছে নেওয়া হলো?
পোস্টে তিনি উল্লেখ করেন, কুড়িগ্রাম পৌর টাউনহলে জায়গা বেশি হওয়া সত্ত্বেও সেখানে অনুষ্ঠান না করে মসজিদে অনুষ্ঠান করার পেছনে মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের ধর্মীয় আবেগকে ব্যবহার করা। তিনি লেখেন, “মসজিদের ভেতর বা হলরুমে প্রোগ্রাম করলে সাধারণ মানুষ ভাববে এরা বোধহয় ইসলামের ধারক-বাহক। অথচ দেশের মানুষ এখন এসব ভন্ডামি বোঝে।”
ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতির বিভিন্ন সমসাময়িক বক্তব্য ও অবস্থানের সমালোচনা করে তিনি আরও বলেন, “তারা মূলতঃ ক্ষমতার খাদেম, ইসলামের নয়। ইসলামকে তারা ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করছে। যখন যা সুবিধা, তখন তারা সেভাবে ইসলামকে ঢাল হিসেবে ব্যবহার করে।”
পোস্টের শেষ অংশে তিনি কুড়িগ্রামের সাধারণ মানুষকে ধর্মপ্রাণ উল্লেখ করে বলেন, কুড়িগ্রামের ২৫ লাখ মানুষ আল্লাহকে ডাকে, কিন্তু ধর্মকে পুঁজি করে রাজনীতি করা লোকদেরও চেনে। মসজিদকে দলীয় কার্যালয় না বানিয়ে তা উপাসনালয় হিসেবেই রাখার এবং ধর্মকে ভোটের বাক্স হিসেবে ব্যবহার না করার আহ্বান জানান তিনি।