কুড়িগ্রাম আলিয়া কামিল মাদরাসার মেরামত ও সংস্কারে বরাদ্দ ১৫ লাখ টাকা

কুড়িগ্রাম সরকারি আলিয়া কামিল মাদরাসার মেরামত ও সংস্কারকাজের জন্য ১৫ লাখ টাকা বরাদ্দ দিয়েছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। ২০২৫-২৬ অর্থবছরের পরিচালন বাজেটের আওতায় এ বরাদ্দ দেওয়া হয়েছে। বরাদ্দের বিপরীতে কাজ বাস্তবায়নে ই-জিপি (e-GP) পদ্ধতিতে দরপত্র আহ্বানের নির্দেশনা দেওয়া হয়েছে।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী (জোন-১) মো. মেহেদী ইকবাল স্বাক্ষরিত ১৭ নভেম্বরের এক পত্রে এ তথ্য জানানো হয়।

পত্রে উল্লেখ করা হয়, ২০২৫-২৬ অর্থবছরের পরিচালন বাজেটের আওতায় কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অনুমোদিত তালিকায় কুড়িগ্রাম জেলার সদর উপজেলার কুড়িগ্রাম আলিয়া কামিল মাদরাসার মেরামত ও সংস্কারকাজ অন্তর্ভুক্ত করা হয়েছে। এ কাজের জন্য বরাদ্দ নির্ধারণ করা হয়েছে ১৫ লাখ টাকা।

নির্দেশনায় বলা হয়েছে, অনুমোদিত বরাদ্দ অনুযায়ী নির্ধারিত কাজের জন্য সর্বশেষ অনুমোদিত পিডব্লিউডি (PWD) শিডিউল অব রেট অনুসরণ করে ই-জিপি পদ্ধতিতে দরপত্র আহ্বান করতে হবে। এ ছাড়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আর্থিক ক্ষমতা ও দরপত্র অনুমোদনের বিধিবিধান অনুসরণ করতে হবে।

পত্রে আরও বলা হয়, অনুমোদিত কাজের নাম বা দরপত্র পদ্ধতিতে কোনো পরিবর্তন করতে হলে যথাযথ কারণ উল্লেখ করে প্রধান কার্যালয়ের অনুমোদন নিতে হবে। পাশাপাশি বরাদ্দের অর্থ সর্বোত্তম ব্যবহারে প্রয়োজনীয়তা ও যৌক্তিকতা বিবেচনায় কাজের আইটেম নির্ধারণ করতে হবে।

এ বিষয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলীকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুলিপি দেওয়া হয়েছে।

Share With

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *