কুড়িগ্রামে পরীক্ষা চলাকালে রাতে উচ্চ শব্দে গান-বাজনা বন্ধে ছাত্রশিবিরের আবেদন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ষষ্ঠ থেকে নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা চলাকালে রাতে উচ্চ শব্দে গান-বাজনা, মাইক ও সাউন্ডবক্স বাজানো বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জের (ওসি) এম.আর সাইদ এর কাছে আবেদন জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ভূরুঙ্গামারী উপজেলা শাখা।

আবেদনে উল্লেখ করা হয়, গত ১৯ নভেম্বর থেকে শুরু হওয়া বার্ষিক পরীক্ষা আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত চলবে। এ সময়ে পরীক্ষার্থীদের পড়াশোনা, পরীক্ষার প্রস্তুতি ও পর্যাপ্ত বিশ্রামের জন্য শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা জরুরি।

তবে উপজেলার বিভিন্ন এলাকায় রাতের বেলায় উচ্চ শব্দে গান-বাজনা, মাইক ও সাউন্ডবক্স বাজানোর কারণে শিক্ষার্থীদের পড়াশোনায় বিঘ্ন ঘটছে। অনেক ক্ষেত্রে গভীর রাত পর্যন্ত এসব শব্দ চলতে থাকায় পরীক্ষার্থীরা ঠিকমতো পড়াশোনা ও বিশ্রাম নিতে পারছে না। এতে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরাও ভোগান্তিতে পড়ছেন।

এ অবস্থায় শিক্ষার্থীদের শিক্ষাজীবন, জনস্বাস্থ্য ও জনস্বার্থ বিবেচনায় নিয়ে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত পরীক্ষার সময় রাতে উচ্চ শব্দে গান-বাজনা ও মাইক-সাউন্ডবক্স বাজানো নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

আবেদনে আরও বলা হয়, শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ ও সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিত করা সবার সম্মিলিত দায়িত্ব। তাই সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানসহ যেকোনো আয়োজনে শব্দের মাত্রা ও সময়ের বিষয়ে সচেতনতা অবলম্বন করা প্রয়োজন।

ছাত্রশিবিরের উপজেলা শাখার পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়, পরীক্ষার্থীদের পড়াশোনা ও পরীক্ষার প্রস্তুতির বিষয়টি বিবেচনায় নিয়ে ভূরুঙ্গামারী থানা পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে এবং শিক্ষার্থীদের জন্য শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবে।

Share With

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *