কুড়িগ্রামের চিলমারীতে প্রধান সড়কে জলাবদ্ধতা, দুর্ভোগে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা

কুড়িগ্রামের চিলমারী উপজেলার কাশিমবাজার প্রধান সড়ক দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় রয়েছে। সামান্য বৃষ্টি হলেই সড়কে পানি জমে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে প্রতিদিন হাজারো শিক্ষার্থীসহ লক্ষাধিক মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।

এলাকাবাসীর অভিযোগ, ড্রেনেজব্যবস্থা ভেঙে পড়ায় সামান্য বৃষ্টির পানি দ্রুত নেমে যেতে পারে না। ফলে থানা বাজার থেকে কাশিমবাজার পর্যন্ত সড়কটিতে দিনের পর দিন পানি জমে থাকে।

এতে শিক্ষার্থী ও সাধারণ যাত্রীদের চলাচল যেমন কঠিন হয়ে পড়ছে, তেমনি যানবাহনের গতিও বাধাগ্রস্ত হচ্ছে। সড়কের বিভিন্ন স্থানে গর্ত তৈরি হওয়ায় দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়ে গেছে।

ভুক্তভোগী শিক্ষার্থী মহসিনা জানান, সামান্য বৃষ্টিতেই সবুজপাড়া এলাকায় চলাফেরা কষ্টসাধ্য হয়ে ওঠে, কাপড়-চোপড় ভিজে যায়। কলেজ শিক্ষক সহ-অধ্যাপক আব্দুর রহমান বলেন, “একদিন বৃষ্টি হলেই সবুজপাড়া মোড় থেকে দুই পাশের সড়ক পানিতে ডুবে থাকে, কয়েকদিন পর্যন্ত হেঁটে চলাও দুষ্কর হয়ে পড়ে।”

স্থানীয় অটোচালক আঃ রহিম বলেন, সড়কে গর্ত থাকায় গাড়ি নিয়ে ঝুঁকি নিয়েই চলতে হয়, অনেক সময় উল্টে যাওয়ারও সম্ভাবনা থাকে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক জানান, “ড্রেনেজব্যবস্থা সংস্কার করা হলে সমস্যার সমাধান হবে বলে আশা করছি।”

Share With