কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে যোগদানের পরদিনই এক হৃদয়বিদারক ঘটনার সম্মুখীন হন সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন।
গত ২৩ সেপ্টেম্বর তিনি ভুরুঙ্গামারী সার্কেলে সহকারী পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরদিন (২৪ সেপ্টেম্বর) বিকেলে কচাকাটা থানা পরিদর্শনে যাওয়ার পথে কুড়েরপাড় এলাকায় তিনি লক্ষ্য করেন সড়কের পাশে কান্না-চিৎকারে ভিড় জমেছে।
গাড়ি থামিয়ে ঘটনাস্থলে গিয়ে জানতে পারেন, পানিতে পড়ে দুই বছরের কম বয়সী এক শিশুকে গুরুতর অবস্থায় উদ্ধার করা হয়েছে। কিন্তু দ্রুত হাসপাতালে নেওয়ার মতো কোনো যানবাহন না থাকায় শিশুটির পরিবার অসহায় হয়ে পড়েছিল।পরিস্থিতি বুঝে এএসপি মুনতাসির মামুন নিজের গাড়িতে শিশুটিকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, গত ১০ দিনের মধ্যে ভুরুঙ্গামারী ও কচাকাটা থানায় পানিতে পড়ে অন্তত পাঁচ শিশুর মৃত্যু নথিভুক্ত হয়েছে। এএসপি এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে অভিভাবকদের প্রতি শিশুদের নিরাপত্তায় আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন। তার ভাষায়, নিষ্পাপ শিশুদের এভাবে প্রাণহানি মেনে নেওয়া যায় না। প্রতিটি পরিবারকে আরও সচেতন হতে হবে।
ভুরুঙ্গামারী ও কচাকাটা থানা নবনিযুক্ত এএসপির দায়িত্বের আওতায়। দায়িত্ব গ্রহণের পরপরই তার মানবিক উদ্যোগ ও সচেতনবার্তা স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।