কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইটি পরিবারের অন্তত ছয়টি বসতঘরসহ গবাদিপশু, আসবাবপত্র, ধান-চাল এবং নগদ অর্থ পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (৩০ জুলাই) রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের পূর্ব জুম্মাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীরা জানান, গভীর রাতে হঠাৎ একটি ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পাশের ঘরগুলোতে। স্থানীয়রা বালতি ও নলকূপের পানি দিয়ে আপ্রাণ চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হন। পরে খবর পেয়ে ফুলবাড়ী ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারদ্বয়ের ছয়টি টিনের ঘর সম্পূর্ণ পুড়ে যায়। আগুনে অন্তত তিনটি গরু, কয়েকটি ছাগল, প্রায় ৫০টি হাঁস-মুরগি, আসবাবপত্র, কাপড়চোপড়, একটি বাইসাইকেল এবং ধান-চালসহ ঘরের সব কিছুই ভস্মীভূত হয়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ১৪ থেকে ১৫ লক্ষ টাকা বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় জনপ্রতিনিধিরা।
অগ্নিকাণ্ডের কারণ নিশ্চিতভাবে জানা না গেলেও ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
ফুলবাড়ী ফায়ার সার্ভিসের ইনচার্জ জানান, “সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে পৌঁছাই এবং দ্রুত আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। তবে ঘরগুলো কাছাকাছি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।”
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। জরুরি সহযোগিতা ও পুনর্বাসনের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।