কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১ হাজার ১৭০ পিস ইয়াবা, মাদক বিক্রির ২৬ হাজার ৭৯০ টাকা, একটি পালসার মোটরসাইকেল ও চারটি মোবাইল ফোনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মো. রেজাউল করিম রাজু (৫০) নামে একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলার তথ্য পাওয়া গেছে।
বুধবার (৪ নভেম্বর) কুড়িগ্রাম জেলা পুলিশ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ১১টার দিকে সহকারী পুলিশ সুপার (নাগেশ্বরী সার্কেল) গোলাম মোর্শেদের নেতৃত্বে নাগেশ্বরী থানা পুলিশের একটি দল পৌরসভার কানিপাড়া বদিজমাপুর গ্রামের রাজুর বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের কাছ থেকে ১ হাজার ১৭০ পিস ইয়াবা, মাদক বিক্রির ২৬ হাজার ৭৯০ টাকা, ১৫০ সিসির একটি পালসার মোটরসাইকেল ও চারটি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেপ্তার অন্য দুজন হলেন- নাগেশ্বরী উপজেলার কাজিপাড়া গ্রামের মো. ফজলে মিয়া (৪৮) এবং নাগেশ্বরী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বালাসিপাড়া এলাকার মো. রাসেল মিয়া (৩৫)।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে কুড়িগ্রাম ও লালমনিরহাটসহ সীমান্তবর্তী বিভিন্ন এলাকা এবং রাজধানী ঢাকায় মাদক সরবরাহ ও ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার গোলাম মোর্শেদ জানান, পুলিশের অপরাধী তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি (সিডিএমএস) পর্যালোচনা করে প্রধান আসামি রেজাউল করিম রাজুর বিরুদ্ধে ২০টি মাদক মামলার তথ্য পাওয়া গেছে। এসব মামলা নাগেশ্বরী ও কুড়িগ্রাম থানা, লালমনিরহাট সদর থানা এবং ঢাকা মহানগর পুলিশের ভাটারা থানায় দায়ের করা হয়েছে। এছাড়া ফজলে মিয়ার বিরুদ্ধে নাগেশ্বরী থানায় একটি মাদক মামলার তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী নাগেশ্বরী থানায় মামলা করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।