কুড়িগ্রামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজিত কৃষক সমাবেশে যোগ দিতে আসছেন দলটির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৩টায় কুড়িগ্রাম সদর উপজেলার টগরাইহাট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি।
সমাবেশকে ঘিরে বুধবার (১৫ জুলাই) দুপুরে কুড়িগ্রাম এনসিপির জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে কৃষক সমাবেশ বাস্তবায়ন কমিটি। এতে সমাবেশের বিভিন্ন বিষয় তুলে ধরেন কমিটির নেতারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কৃষক সমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সাঈদ উজ্জ্বল, সদস্য সচিব কৃষিবিদ গোলাম মর্তুজা সেলিম ও সদস্য শাহজাহান আলী সুমন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে এবং মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর স্মৃতি বিজড়িত কুড়িগ্রামে এ কৃষক সমাবেশের আয়োজন করা হয়েছে।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। এছাড়াও উপস্থিত থাকার কথা রয়েছে দলের যুগ্ম আহ্বায়ক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মোজাহিদ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের।
সংবাদ সম্মেলনে কুড়িগ্রামে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।