কুড়িগ্রামে কনস্টেবল নিয়োগে স্বচ্ছতা নিশ্চিতে পুলিশ সদস্যদের ব্রিফিং

কুড়িগ্রামে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, অক্টোবর-২০২৬ উপলক্ষে নিয়োগ পরীক্ষায় দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় কুড়িগ্রাম পুলিশ লাইন্সের মাল্টিপারপাস ড্রিলশেডে এ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম। এ সময় তিনি মেধা ও যোগ্যতার ভিত্তিতে প্রার্থী বাছাই নিশ্চিত করতে নিয়োগ পরীক্ষায় দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনা ও বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

আগামী ১৩ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত টিআরসি পদে নিয়োগের মাঠপর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ব্রিফিং প্যারেডে কুড়িগ্রাম জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং নিয়োগ পরীক্ষায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এদিকে, নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের আগামীকাল শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৭টার আগেই প্রয়োজনীয় সব কাগজপত্রসহ কুড়িগ্রাম পুলিশ লাইন্সের প্রধান ফটকের সামনে সারিবদ্ধভাবে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছে জেলা পুলিশ।

Share With

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *