কুড়িগ্রামে স্বেচ্ছায় রক্তদানবিষয়ক সংগঠন ‘রক্ত চাহিদা’র উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৯টায় সদর উপজেলার ঘোগাদহ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।
আয়োজকরা জানান, গ্রামাঞ্চলের অনেক মানুষই নিজেদের রক্তের গ্রুপ সম্পর্কে জানেন না। জরুরি প্রয়োজনে রক্তের গ্রুপ জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়টি বিবেচনায় নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং বিনামূল্যে রক্তের গ্রুপ জানার সুযোগ করে দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তারা আরও জানান, রক্তের গ্রুপ জানা থাকলে জরুরি প্রয়োজনে রক্তের ব্যবস্থা করা সহজ হয়। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে স্বেচ্ছায় রক্তদানে মানুষকে উৎসাহিত করার পাশাপাশি রক্তদানের বিষয়ে সচেতনতা তৈরিও সম্ভব।