বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাবে কুড়িগ্রামসহ রংপুর বিভাগের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আজ বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যা থেকে রাতের মধ্যে কুড়িগ্রাম জেলার কিছু কিছু স্থানে অস্থায়ী দমকা হাওয়াসহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে।
আবহাওয়াসংক্রান্ত সর্বশেষ আপডেট অনুযায়ী, ঘূর্ণিঝড়টি অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করেছে। পরে এটি দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের বিহার ও উত্তরপ্রদেশের দিকে যেতে পারে।
এর প্রভাবে সৃষ্ট মেঘমালা কুড়িগ্রামসহ রংপুর বিভাগের দিকে বিস্তৃত হতে শুরু করেছে। আজ রাত থেকে পরবর্তী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় কুড়িগ্রামসহ রংপুর বিভাগের বিভিন্ন স্থানে অস্থায়ী দমকা হাওয়াসহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে।
তবে জেলার সব এলাকায় বৃষ্টির সম্ভাবনা সমান নয়। কোনো কোনো এলাকায় বৃষ্টি হলেও অন্য এলাকাগুলো বৃষ্টির বাইরে থাকতে পারে। এ সময় আকাশ অস্থায়ীভাবে মেঘলা থেকে আংশিক মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে।
আপডেট: বুধবার, সন্ধ্যা ৫টা ১৮ মিনিট।