কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অভিযান চালিয়ে আন্তঃজেলা মোবাইল চোরাকারবারি চক্রের হোতা রশিদুল ইসলাম রতনকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে প্রায় চার লাখ টাকা মূল্যের ১৭টি ভারতীয় মোবাইল ফোন উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের বিএসসি মোড়ে ভারতীয় মোবাইল ফোন কেনাবেচার সময় তাঁকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রতন উপজেলার মধ্য ভরতের ছড়া এলাকার তফিজ উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, কুড়িগ্রামের পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি পিপিএমের দিকনির্দেশনায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে ভূরুঙ্গামারী থানা পুলিশ এ অভিযান চালায়। ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের উপস্থিতিতে পুলিশের একটি ছদ্মবেশী দল রাতভর সাঁড়াশি অভিযান পরিচালনা করে। একাধিকবার অভিযান চালিয়েও এর আগে তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।
ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, বঙ্গসোনাহাট ইউনিয়নের বিএসসি মোড়ে একটি দোকান পরিচালনার আড়ালে রতন ভারতীয় মাদক ও মোবাইল ফোনের ব্যবসা করতেন বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। তাঁর মাধ্যমে এসব চোরাই ভারতীয় মোবাইল ফোন দেশের বিভিন্ন শপিংমল ও দোকানে সরবরাহ করা হতো। রতন ও তাঁর কয়েকজন নিকটাত্মীয়ের সমন্বয়ে গঠিত একটি সংঘবদ্ধ চক্র এ অবৈধ ব্যবসা পরিচালনা করত বলে প্রাথমিকভাবে জানা গেছে।
তিনি আরও বলেন, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এদিকে রতনের গ্রেপ্তারে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের কয়েকজনের অভিযোগ, তাঁর মাধ্যমে এলাকার উঠতি বয়সী যুবকদের একটি অংশ ভারতীয় মাদক ও চোরাচালানের সঙ্গে জড়িয়ে পড়ছিল। তাঁর গ্রেপ্তারে এলাকায় কিছুটা হলেও শান্তি ফিরে আসবে বলে আশা করছেন তাঁরা।