কুড়িগ্রামে চেক জালিয়াতির মামলায় আব্দুল মান্নান গ্রেফতার

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় চেক জালিয়াতির মামলায় আব্দুল মান্নান (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার হাজিরহাট এলাকার নিজ ইটভাটা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, ২০২০ সালে ইট সরবরাহের নামে সায়দাবাদ বাজারের জাদুরচর এলাকার জহুরুল ইসলাম (পিতা: মনিরুজ্জামান) নামের এক গ্রাহকের কাছ থেকে ১০ লাখ ৮০ হাজার টাকা নেন আব্দুল মান্নান। কিন্তু নির্ধারিত সময় পার হলেও তিনি ইট সরবরাহ করেননি। পরবর্তীতে ২০২১ সালে টাকা ফেরত দিতে না পেরে তিনি জহুরুলকে একটি চেক প্রদান করেন।

চেকটি ব্যাংকে জমা দেওয়ার পর ব্যাংক কর্তৃপক্ষ জানায়, সংশ্লিষ্ট একাউন্টে কোনো টাকা নেই। এ ঘটনায় জহুরুল ইসলাম প্রতারণা ও চেক জালিয়াতির অভিযোগে আদালতে মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ প্রক্রিয়া শেষে আদালত সম্প্রতি তাকে দোষী সাব্যস্ত করেন।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, “আব্দুল মান্নান একজন ওয়ারেন্টভুক্ত আসামি। আদালতের রায়ের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল তাকে আদালতে প্রেরণ করা হবে।”

ভুক্তভোগী জহুরুল ইসলাম বলেন, “সে একজন প্রতারক। আমার টাকা দিয়ে পাঁচ বছর ধরে ব্যবসা করছে, কিন্তু ফেরত দেয়নি। ব্যাংকসহ তার নামে আরও দশটিরও বেশি মামলা রয়েছে। আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

গ্রেফতারকৃত আব্দুল মান্নানের বাড়ি রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের ডাঙ্গুয়াপাড়া গ্রামে বলে জানা গেছে।

Share With