কুড়িগ্রামে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন

“ক্রীড়ায় হবে সেতুবন্ধন, করবো বৈষম্য দূরীকরণ” এবং “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) সকাল ১০টায় দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ক্রীড়া অফিসের যৌথ আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, ক্রীড়া সংগঠক, খেলোয়াড়সহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

র‍্যালি শেষে জেলা স্টেডিয়ামের হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি অন্নপূর্ণা দেবনাথ। সভায় কারাতে, ফুটবল, ক্রিকেট ও অ্যাথলেটিক্সসহ বিভিন্ন ইভেন্টের খেলোয়াড়রা তাদের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন।

এসময় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কুদরত এ খুদা, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, জেলা এনসিপির সদস্য সচিব মাসুম মিয়া, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক কৃতি ফুটবলার আবু বকর সিদ্দিক, জাতীয় ফুটবলার জালাল হোসেন লাইজু এবং কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকারসহ আরও অনেকে।

বক্তারা বলেন, ক্রীড়া কেবল বিনোদনের মাধ্যম নয়; এটি শারীরিক সক্ষমতা বৃদ্ধি, মানসিক বিকাশ এবং সামাজিক সম্প্রীতি গড়ে তোলার অন্যতম কার্যকর উপায়। তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। পাশাপাশি ক্রীড়াকে পেশা হিসেবে গ্রহণ করলে ব্যক্তি ও পরিবারের আর্থ-সামাজিক উন্নয়ন সম্ভব।

আলোচনা সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, খেলোয়াড়, শিক্ষক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Share With