কুড়িগ্রাম জেলা জাতীয় যুবশক্তির দুই নেতাকে গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না—এ মর্মে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (৫ এপ্রিল ২০২৬) জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পক্ষ থেকে পৃথক স্মারকে এ সিদ্ধান্ত জানানো হয়।
সাময়িকভাবে অব্যাহতি পাওয়া নেতারা হলেন—কুড়িগ্রাম জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান লিমন এবং মুখ্য সংগঠক হাফিজুর রহমান বাবু।

পত্রে উল্লেখ করা হয়, সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের নিজ নিজ পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি প্রদান করা হয়েছে। একই সঙ্গে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা চেয়ে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম ও সদস্য সচিব ডা. জাহেদুল ইসলামের নির্দেশক্রমে যুগ্ম সদস্য সচিব (দপ্তর) আসাদুর রহমান স্বাক্ষরিত ওই পত্রে আরও বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা প্রদান করতে ব্যর্থ হলে সংগঠনের নীতিমালা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।