কুড়িগ্রামের রাজারহাটে নৈশপ্রহরীকে হত্যা ও একটি সিগারেট কোম্পানির অফিসে ডাকাতি করা হয়েছে।
রোববার সকাল ৯টার দিকে রাজারহাট উপজেলার শান্তি নগর এলাকায় ওই নৈশপ্রহরীর মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয় বলে জানান রাজারহাট থানা ওসি আব্দুল ওয়াদুদ।
নিহত ৫০ বছর বয়সী তপন কুমার সরকার মেরিস সিগারেটের অফিসের নৈশপ্রহরী ছিলেন।
স্থানীয়দের বরাতে ওসি আব্দুল ওয়াদুদ বলেন, গভীর রাতে একদল ডাকাত রাজারহাট উপজেলার মেরিস সিগারেটের অফিসে হানা দেয়। ধারণা করা হচ্ছে, ডাকাতদের বাধা দিতে গেলে তারা নৈশপ্রহরী তপন কুমার সরকারকে হত্যা করে।
পরে ডাকাতরা আনুমানিক কয়েক লাখ টাকা ও প্রতিষ্ঠানটির মালামাল লুট করে নিয়ে যায়।
ওসি আরও বলেন, নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে এবং দ্রুত অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হবে বলেও জানান ওসি।