কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। রোববার (১৪ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যায় উপজেলার ধরলা সেতু সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীসহ একটি অটোরিকশা সড়কের পাশে দাঁড় করিয়ে নৌকা বাইচ দেখছিলেন চালক। এ সময় পিছন দিক থেকে দ্রুতগামী একটি মোটরসাইকেল অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত অটোরিকশা চালক উপজেলার বড়ভিটা ইউনিয়নের ঘোঘারকুটি গ্রামের বাসিন্দা। তিনি মৃত পিশু মামুদের ছেলে তৈয়ব আলী (৫৫)।
দুর্ঘটনার পর মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।