কুড়িগ্রামের নাগেশ্বরীর কচাকাটা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে এক বাংলাদেশি যুবক দেশে ফিরেছেন।
পতাকা বৈঠক শুক্রবার (১৩ মার্চ) দুপুরে কচাকাটা থানাধীন কেদার বিওপি ক্যাম্প সংলগ্ন আন্তর্জাতিক সীমান্তের মেইন পিলার নং ১০১৫-এর ১৪/এস এলাকায় অনুষ্ঠিত হয়। বিজিবির পক্ষে ২২ কেদার বিওপি ক্যাম্প কমান্ডার জেসিও মো. নুর আলমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশ নেন।
বিএসএফের পক্ষে উপস্থিত ছিলেন ৮৯ রোস্তম ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর অরুন কুমার সিংহ।বৈঠকের মাধ্যমে বিএসএফ আল হাসান (৩০) নামের ওই বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করে। আল হাসান মাদারীপুর জেলার কেন্দুয়া ইউনিয়নের দেওরহাট গ্রামের বাসিন্দা।
তিনি গত বছরের ১৪ সেপ্টেম্বর চাকরির প্রলোভনে সাতক্ষীরার ভোমরা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন এবং পরে ভারতীয় পুলিশের হাতে আটক হয়ে দমদম কেন্দ্রীয় সংশোধনাগারে পাঠানো হয়েছিল।
কচাকাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা অর্পন কুমার দাস জানান, বিজিবি আল হাসানকে পুলিশের কাছে হস্তান্তর করলে যাচাই-বাছাই শেষে তার বাবা মাদারীপুর থেকে এসে ছেলেকে পরিবারের কাছে নিয়ে যান।