কুড়িগ্রামের উলিপুরে পারিবারিক বিরোধের জেরে বড় ভাইকে হত্যার চেষ্টা করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার থেতরাই ইউনিয়নের হারুনেফড়া এলাকায়।
এজাহার সূত্রে জানা যায়, থেতরাইয়ের হারুনেফড়া এলাকায় বড় ভাই শাহ আলম (৫১) ও ছোট ভাই জানে আলম (২৮) এবং নুরনবী মিয়া (৩৫) দীর্ঘদিন ধরে পারিবারিক বিষয়ে বিরোধ চলছিল। ১১ ফেব্রুয়ারি বিকেলে ছোট ভাই জানে আলম বড় ভাইকে নিজ বাড়ি থেকে পুরাতন বাড়িতে ডেকে নেয়। সেখানে পূর্বপরিকল্পনা অনুযায়ী জানে আলম ও নুরনবী মিয়া তাকে মাথায় কুপিয়ে গুরুতর জখম করে এবং বাঁশের লাঠি ও লোহার রড দিয়ে মারপিট করে। এতে শাহ আলমের শরীরের বিভিন্ন স্থানে চোট লাগে এবং তার বাম হাত ভেঙে যায়।
স্থানীয়দের সহযোগিতায় শাহ আলমকে উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তিনি উলিপুর থানায় মামলা দায়ের করেন।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক জানান, প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং মামলা তদন্তাধীন রয়েছে।